রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের ছয় দিন পর এক তরুণীর সন্ধান পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে তাঁর নিখোঁজের সংবাদ প্রকাশের পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাই মো. রবিউল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর ওই তরুণীর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁর সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি বিষয়টি গণমাধ্যমকে জানানো হলে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে তাঁর নিখোঁজের সংবাদ প্রকাশিত হয়।
পরিবারের ভাষ্য, পারিবারিক অভিমানের কারণে ওই তরুণী এক বন্ধুর বাসায় গিয়ে অবস্থান করছিলেন। সেখানে থাকা অবস্থায় গণমাধ্যমে প্রকাশিত নিখোঁজের সংবাদ তাঁর নজরে আসে। এরপর তিনি পরিবারের সদস্যদের ফোন করে নিজের অবস্থানের কথা জানান। পরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করে তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত হন।
তরুণীর সন্ধান পাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কয়েক দিন ধরে উদ্বেগের মধ্যে থাকা স্বজনরা তাঁকে নিরাপদে ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
তরুণীর ভাই মো. রবিউল ইসলাম বলেন, গণমাধ্যমে তাঁর বোনের নিখোঁজের সংবাদ প্রকাশের পর তিনি সেটি দেখতে পান। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমানে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ রয়েছে।
এদিকে তরুণীর সন্ধান পেতে সংবাদ প্রকাশ ও তথ্য প্রচারে সহযোগিতা করায় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার।
একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তরুণীর সন্ধান পাওয়ার পর তাঁর ছবি, ব্যক্তিগত তথ্য বা পরিচয়সংক্রান্ত কোনো বিষয় সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যমে নতুন করে প্রচার বা শেয়ার না করতে।
মন্তব্য করুন