
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ কেউ যেন নষ্ট করতে না পারে, সেজন্য দেশের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়—আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশী ভাবি।” দেশের সব নাগরিকের গর্বিত পরিচয় বাংলাদেশী—এটাই আমাদের বড় পরিচয়।
তিনি বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকেই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালন করে আসছেন।
তবে সময় সময় ‘কংস-চরিত্রের’ কিছু মানুষ রাষ্ট্র ও সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি এবং তা জিইয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সমাজবিরোধী অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে।
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন