রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ দোকানের পেছনে দেয়াল নির্মাণে বাধা, ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাহাদৎ হোসেন গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শাহাদৎ হোসেনসহ মোট ১২ জনকে অভিযুক্ত করে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দোকানমালিক মো. আবু বক্কার সিদ্দিক।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালিচরণ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকানের সীমানা নিয়ে আবু বক্কার সিদ্দিকের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বিরোধ ছিল। প্রায় এক বছর আগে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে ছয়জন আমিনের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করা হয়। এরপর তিনি নির্ধারিত সীমানার মধ্যে স্থায়ী স্থাপনা নির্মাণ করে দোকান ভাড়া দেন।
আবু বক্কার সিদ্দিকের অভিযোগ, এরপর থেকে শাহাদৎ হোসেন গং তাঁর কাছে ৫ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দিলে দোকান বন্ধ করে দেওয়াসহ তাঁর ব্যবসায় বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সোমবার সকালে দোকানের পেছনে নিজের সীমানায় দেয়াল নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্ত ব্যক্তিরা সেখানে এসে আগের দাবিকৃত টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে।
ভুক্তভোগী দোকানমালিকের দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আবারও হুমকি দেন। নিজের সীমানায় দেয়াল নির্মাণ করতে গেলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে শাহাদৎ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এবিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।