
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে নির্মাণাধীন আধুনিক ক্লোভারলিফ ইন্টারচেঞ্জে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি যান চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পের ৭৯ দশমিক ৫ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে দিন-রাত দুই শিফটে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান।
হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক সরফরাজ হোসাইন এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর দেশের উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রাজধানীর মধ্যে সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এ পথে যান চলাচল নির্বিঘ্ন ও গতিশীল করতে ২০২২ সালে আধুনিক প্রযুক্তিসম্পন্ন হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি চালু হলে ঢাকা, উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটির নির্মাণকাজের মেয়াদ প্রথমে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। তবে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন জটিলতায় মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি চালু করা সম্ভব হচ্ছে না। তাই আগামী বছরের শুরুতে যান চলাচল শুরুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
ইতিমধ্যে মাটি ও বালু ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ, এসএমবিডি ব্রিজ ও সার্ভিস এরিয়ার বড় অংশের কাজ শেষ হয়েছে। মূল ইন্টারচেঞ্জ ও র্যাম্পের পাইল, পাইল ক্যাপ, পিয়ার স্টেম এবং গার্ডার নির্মাণের কাজও এগিয়েছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে প্রকল্পের মূল অবকাঠামো।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের সড়ক যোগাযোগে গতি আসার পাশাপাশি শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ৭৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ব্রিজ করপোরেশন।
প্রকল্পটিতে দেশের সড়ক অবকাঠামোয় প্রথমবারের মতো অত্যাধুনিক ইন্টেলিজেন্ট ট্রাফিক সিস্টেম (আইটিএস) স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই প্রযুক্তি যান চলাচল ব্যবস্থাপনায় সহায়তা করবে। ফলে যাতায়াতের সময় ও ব্যয় কমার সম্ভাবনা রয়েছে।
সাসেক-২-এর ইন্টারচেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক সরফরাজ হোসাইন বলেন, আগামী বছরের শুরুতে ইন্টারচেঞ্জটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ জন্য দিন-রাত দুই শিফটে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।