সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার আত্মসমর্পণকারী চরমপন্থীদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-১২)। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।
বুধবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর অধিনায়ক অতিরিক্ত আইজিপি আতিকুর রহমান মিয়া।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রোববার (১ নভেম্বর) এসআরবি-১২-এর পৃষ্ঠপোষকতায় তিন জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিঃদ্রঃ গত ১ নভেম্বর দুপুরে সলঙ্গায় এসআরবি-১২-এর সদর দপ্তরে ‘নতুন পথে প্রত্যাবর্তন: চরমপন্থি সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ’ শীর্ষক অনুষ্ঠানে তিন জেলার ৬৫ জন চরমপন্থি সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় তাঁরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সরে এসে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপনের অঙ্গীকার করেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
আত্মসমর্পণের পর চরমপন্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি উল্লেখযোগ্য অভিযান হিসেবে দেখা হচ্ছে।