
কুষ্টিয়া শহরে বাসার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে গা-ঢাকা দিলেও পুলিশের সাঁড়াশি অভিযানে পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর শহরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের আরও ১৪ সদস্যকে আটক করেছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
অভিযুক্ত ইমন কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে এবং একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দীর্ঘ দিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে অবস্থান করছেন। ইমন কুষ্টিয়ায় মায়ের সঙ্গেই বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বেলা ১টা ১১ মিনিটে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফিরে কলবেল বাজানোর সময় পেছন থেকে আকস্মিকভাবে এসে ইমন ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ওই শিক্ষার্থীর শরীরে অন্তত ছয়টি গভীর ক্ষত সৃষ্টি হয়। চিকিৎসা ও আইনি ব্যবস্থা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগী শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।
এদিকে ঘটনার পরপরই নিজের বাড়িতে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায় ইমন। পরে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি আরেকটু সুস্থ হলে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে তার সঙ্গে কথা বলে ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করা হবে।