সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
নিহত আশরাফ আলী কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।নিহতের ছোট ভাই রেজাউল জানান, বুধবার রাত ১০টার দিকে তার বড় ভাই আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ ২০ থেকে ৩০ জন লোক সেখানে উপস্থিত হন।
একপর্যায়ে তারা আশরাফ আলীকে মারধর ও ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে চলে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদারসহ অভিযুক্ত অন্যদের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।