রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বিশ্বাস সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, বিশ্বাস সুপার মার্কেটে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
অগ্নিকাণ্ডে মো. জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষকসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই ঘটনায় মিলন হোসেনের ফ্রিজের গোডাউন পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জহুরুল ইসলামের ভাই শাহাদতের গোডাউন, মেশিন ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সব মিলিয়ে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
ফায়ার সার্ভিসের টিম লিডার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।