মোঃ আব্দুর রহীম মিঞা :
টাঙ্গাইলের ভূঞাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর উদ্যোগে পূজামণ্ডপ ও হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও শাড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৩৪টি পূজামণ্ডপে সরকারি সহায়তা হিসেবে প্রতিটিতে ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ ছাড়া ১০৩টি হিন্দু পরিবারের মাঝে একটি করে শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টুর ব্যক্তিগত তহবিল থেকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, “ধর্ম যার যার, এ দেশ সবার। এ দেশ হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষের। আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। দেশটাকে গড়তে হবে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এ দেশে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে এবং ভবিষ্যৎও পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু। এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুর্গাপূজা উদ্যাপন নির্বিঘ্ন, আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।