মোঃ রুবেল সরকার বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ‘ভূঞাগাঁতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে গণশুনানি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভূঞাগাঁতী বাসস্ট্যান্ডে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রস্তাবিত ইউনিয়নের অন্তর্ভুক্ত এলাকার বাসিন্দারা অংশ নিয়ে তাঁদের মতামত, দাবি ও পরামর্শ তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় জনগণের মতামত জানতে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ও সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. সামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুসামা সরকার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মণ্ডল ও গোলাম সরোয়ার দুলাল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী তালুকদার, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, আলাউদ্দিন সরকারসহ আরও অনেক।
শুনানিতে নতুন ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত ইউনিয়ন গঠিত হলে সাধারণ মানুষের সরকারি সেবা পেতে সুবিধা হবে কি না, সে বিষয়েও মতামত নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রস্তাব পর্যালোচনার মাধ্যমে নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা মূল্যায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে গণশুনানি অনুষ্ঠিত হলেও এখনো ইউনিয়ন গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রস্তাবটি যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।#