
রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকার, সাধারণ সম্পাদক রনজিত কুমারসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নিরাপদ চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া পূজামণ্ডপ কমিটি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সহযোগিতা করবে।
সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে স্থানীয় জনগণ ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।