মোঃ আব্দুর রহীম মিঞা :
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা, অর্জুনা ও গাবসারা ইউনিয়নের একটি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর-ভূঞাপুর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু বলেন, “ফ্যামিলি কার্ডের পেছনে আপনাদের দৌড়াতে হবে না, ফ্যামিলি কার্ড আপনাদের পেছনে দৌড়াবে। ফ্যামিলি কার্ড করতে একটি পয়সাও লাগবে না। কেউ টাকা চাইলে টাকা দেবেন না।”
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ কার্ড করে দেওয়ার কথা বলে টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার জন্য তিনি উপস্থিত সবাইকে আহ্বান জানান।
তিনি আরো বলেন আমাদের সরকারের মাননীয় প্রধান মন্ত্রী নির্বাচনের আগে ওয়াদা করে ছিলেন বিএনপি সরকার গঠন করতে পারলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তিনি আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই কথা রেখেছেন। তিনি বলেন পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু।
অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী মাস্টার, প্যানেল চেয়ারম্যান দিলশাদসহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্ধ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান, ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ।