কালিয়াকৈর প্রতিনিধি:
কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়া ও পলানপাড়ার তিন মাথা এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ সড়কটি। সড়কটির এমন দুরবস্থার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দাসহ হাজার হাজার পথচারী।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে ছোট-বড় যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও পণ্য পরিবহনে ক্ষয়ক্ষতি।
সম্প্রতি এই বেহাল সড়কের কারণে এক অসহায় ফেরিওয়ালার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। জীবিকা নির্বাহের জন্য ফেরি করে পণ্য বিক্রি করা ওই ব্যক্তি সড়কের দুরবস্থার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও দীর্ঘদিনেও সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত অসহায় ফেরিওয়ালার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন তারা।
মন্তব্য করুন