আজ ২৫ নভেম্বর ২০২৬ খ্রি. বুধবার দুপুর ১:০০ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার হোসেনপুর এলাকায় গোখাদ্য গমের ভূষির কারখানা মেসার্স খন্দকার ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।
অভিযানে মেসার্স খন্দকার ট্রেডার্সের কারখানায় প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স, প্রাণিসম্পদ ও বিএসটিআইয়ের প্রযোজ্য নিবন্ধন/অনুমোদন, গমের ভূষির ক্রয় ও বিক্রয় রসিদ সংরক্ষণ, পণ্যের প্রকৃত ওজন ও বিক্রয়মূল্য, পণ্যে ভেজাল বা অপদ্রব্য মেশানো হচ্ছে কি না, পচা, ছত্রাকযুক্ত বা ব্যবহারের অনুপযোগী পণ্য বিক্রি হচ্ছে কি না, পণ্যের উৎস, উৎপাদনকারী ও সরবরাহকারীর তথ্য এবং ভোক্তাকে নির্ধারিত মান ও পরিমাণ অনুযায়ী পণ্য সরবরাহ করা হচ্ছে কি না যাচাই করা হয়।
গোখাদ্য গমের ভূষি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অবৈধভাবে উৎপাদন ও বাজারজাতকরণ এবং মোড়কে লেবেল ব্যবহার না করা-সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো: আব্দুল মালেক খন্দকারকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বিএসটিআই এর আইন ও বিধি-বিধান অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। অপরদিকে বাজারে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।