মোঃ আব্দুর রহীম মিঞা টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে অনুমোদনহীনভাবে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাদের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপজেলার পাথাইলকান্দি বাজারে একটি ওষুধের দোকান এবং চিকিৎসাসেবা প্রদানকারী মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ওষুধ বিক্রি এবং চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি প্রতীয়মান হয়। এতে সাধারণ রোগী ও সেবাগ্রহীতাদের জীবন ও স্বাস্থ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আদালত অভিমত ব্যক্ত করেন।
অভিযানে পাথাইলকান্দি বাজারের হাড় জোড়া লাগানোর কবিরাজি ব্যবসায়ী রাশেদুলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই আইনে ওষুধ ব্যবসায়ী আশরাফুলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, “অনুমোদন ছাড়া চিকিৎসাসেবা প্রদান কিংবা ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”
অভিযানকালে ভূঞাপুর থানার এসআই বেলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তারিখঃ ২৮/১০/২০২৬