
গোবিন্দ কুমার রায় স্টাফ রিপোর্টার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের পতনের পর এত সাহস! ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধামকি দিয়ে কোনো কাজ হবে না।’
জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ নেই।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, ‘শেখ হাসিনা টুক করে ঢুকে পড়বেন—এমন কথা বলা হচ্ছে। আমি টুকু ক্ষমতার অপব্যবহার করিনি। কিন্তু আপনারা যদি এক গালে চড় দেন, তাহলে দুই গালে চড় দেব। আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।’
সিরাজগঞ্জ শহরে সম্প্রতি ঘটে যাওয়া মারামারির ঘটনা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমি সিরাজগঞ্জ শহরে শান্তি চাই। শহরে অশান্তি হলে আমি টুকু ছেড়ে দেব না। কিছুদিন আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা ন্যক্কারজনক। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘শারদীয় দুর্গাপূজা আর অল্প কিছুদিন পর শুরু হবে। যারা অন্য ধর্মে বিশ্বাস করেন, আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা ও সাহায্য করব। এটাই ইসলাম শেখায়। রাসুল শিখিয়ে গেছেন, অন্যের ধর্ম নিয়ে কটূক্তি বা কটাক্ষ না করতে।’
জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আমার রাসুল কি পাপী? নবী কি পাপী?’ এ সময় তিনি জামায়াতে ইসলামীকে নিয়েও প্রশ্ন তোলেন।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি সাধারণ মানুষের প্রধানমন্ত্রী। আপনারা ভোট দিয়েছেন। গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, সেটা এখন নেই। ধৈর্য ধরে আপনারা সরকারের সঙ্গে ছিলেন। আপনাদের সঙ্গেই দেশ চালাতে চাই।’
তারেক রহমান জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন উল্লেখ করে টুকু বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।
জামায়াত প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০২২ সালে হাজারীবাগের বস্তিতে বলেছিলাম বিএনপি-জামায়াত, আমি বলেছিলাম না; জামায়াত-আওয়ামী লীগ। তখন অনেকে বিরূপ মন্তব্য করেছিলেন। জামায়াতকে আমরা চিনি। জামায়াত একটা গুপ্ত…।’
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বেগম রোমানা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।