রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি
ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে তিননান্দিনা দারুস সুন্নাহ হাফিজিয়া কওমীয়া মাদ্রাসার বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে প্রায় ৮০০ আজীবন সদস্য, শিক্ষানুরাগী, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সদস্যরা মাদ্রাসা প্রাঙ্গণে আসতে শুরু করলে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, শিক্ষানুরাগী ও ধর্মপ্রাণ ব্যক্তিদের উদ্যোগে ২০১৯ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। শিশু-কিশোর ও তরুণদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। স্থানীয়দের সহযোগিতা ও সদস্যদের অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানটির আজীবন সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৮০০। এছাড়া এলাকার প্রায় ৯০০ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে।
মাদ্রাসার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিঞা বলেন, তিননান্দিনা গ্রামের মানুষের সহযোগিতা ও শিক্ষানুরাগীদের আন্তরিক প্রচেষ্টায় মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। শুরুতে সম্মেলনটি শুধু স্থানীয়দের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে এর পরিধি বেড়েছে। বর্তমানে জেলা পর্যায় থেকেও সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা এতে অংশ নিচ্ছেন। তিনি বলেন, সদস্যদের নিয়মিত সহযোগিতা ও অনুদানের মাধ্যমে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে চলছে। এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। এ কার্যক্রম অব্যাহত রাখতে ভবিষ্যতেও সদস্য, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতি তোফাজ্জল হোসেন সরকার বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাটি কাজ করছে। বার্ষিক সম্মেলনের মাধ্যমে সদস্যদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হচ্ছে।
উল্লেখ্য, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম জোরদারে ২০২০ সাল থেকে বার্ষিকী (বদরী) সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সপ্তমবারের মতো এ সম্মেলন অনুষ্ঠিত হলো।