রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বাজার ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।
অভিযানের অংশ হিসেবে এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। এতে নিমগাছি এলাকার দরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্যে সুরক্ষামূলক মশারি পৌঁছে দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযান ও মশারি বিতরণ কর্মসূচিতে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, নিমগাছি বাজার কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ডেঙ্গু প্রতিরোধে এমন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা আরও বাড়বে।