রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসার পরিচালক আনিসুর রহমান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে সলঙ্গা বাজার থানামোড় এলাকায় একটা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিসুর রহমান বলেন, তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মারকাযুত তাক্বওয়া মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করে সুনামের সঙ্গে পরিচালনা করে আসছেন। সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ফেসবুকে একাধিক ভুয়া আইডি খুলে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।
আনিসুর রহমানের অভিযোগ, এসব অপপ্রচারের কারণে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি মাদ্রাসাটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর দাবি, কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করা প্রয়োজন।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই না করে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আনিসুর রহমান আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে এর বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে সলঙ্গা এলাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।#