সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বারইভাগ এলাকায় জুলাই আন্দোলনে রিক্সা চালক নিহত শহীদ নজরুল ইসলামের নামে একটি সড়কের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে সড়কটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।
পরিবারসূত্রে জানা যায়, শহীদ নজরুল ইসলাম ঢাকায় রিক্সা চালাতেন। ২৪ এর গণঅভ্যুত্থানে অন্যান্য সহকর্মীদের সাথে শহীদ নজরুল ইসলামও আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে আন্দোলনরত অবস্থায় তিনি নিহত হন।
শহীদ নজরুল ইসলামের স্মৃতিকে সংরক্ষণ এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই সড়কটির নামকরণ ও উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আকবর খান স্বপন, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক, ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মুনজুরুল হাসান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ নজরুল ইসলামের আত্মত্যাগ জাতি স্মরণ রাখবে। তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধান অতিথি ফিতা কেটে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মন্তব্য করুন