রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকার হিরো ব্রিকসের কর্ণধার ও বিশিষ্ট ব্যবসায়ী অচিন্ত্য তালুকদার (৬২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে দীর্ঘ ছয় মাস চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
অচিন্ত্য তালুকদার ভূইয়াগাঁতী গ্রামের সুনামধন্য হিন্দু পরিবারের নিকুঞ্জ বিহারী তালুকদারের ছোট ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে—বিশাল কুমার তালুকদার ও বিরাট কুমার তালুকদারসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভূইয়াগাঁতী মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন