শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে জোরপূর্বক জমি দখল করে রোপণ করা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আব্দুস সালাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মোছা.আমেনা বেগম শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চকনশী মৌজায় অবস্থিত ৬৬ শতাংশ জমি আমেনা বেগম ও জরিনা বেগমকে তাঁর বাবা উইল করে দেন। অভিযোগকারীর দাবি, ওই জমির মালিকানা তিনি ও তাঁর বোন মোছা. আমিনা খাতুন ২০১৮ সালের ১১ জানুয়ারি দলিলমূলে লাভ করেন। এরপর থেকে তাঁরা জমিটি ভোগদখল করে আসছিলেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, জমিটি দখলের উদ্দেশ্যে অভিযুক্ত আব্দুস সালাম বিভিন্ন সময় তাঁদের ওপর চাপ সৃষ্টি করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে অভিযোগকারী ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতে অভিযোগ দায়ের করলে আদালত তাঁদের পক্ষে রায় দেন বলে দাবি করেন তিনি।
গত ১৪ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আব্দুস সালামসহ কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করে রোপণ করা ধান কেটে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে অভিযোগকারী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও মারধরের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
জরিনা বেগমের দাবি, জমির ধান কেটে নিয়ে যাওয়ায় তাঁর প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। জোরপূর্বক ধান কেটে নেওয়ার ঘটনা সত্য হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”