
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকার ট্রাকস্ট্যান্ডে হাটিকুমরুল প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাটিকুমরুল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসাইনের সভাপতিত্বে এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি এম কারিকুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা বলেন, একজন সাংবাদিকের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।
তারা বলেন, ঘটনার দুই দিন পরও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সলঙ্গা প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম মিয়া, সহসাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, হাটিকুমরুল প্রেসক্লাবের সহসভাপতি ও নিউজ টোয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল খালেক, সলঙ্গা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ খান, দৈনিক এদিনের উল্লাপাড়া প্রতিনিধি কায়ুম মাহমুদ এবং ভুক্তভোগী সাংবাদিক শাহরিয়ার মোরশেদুল ইসলাম বক্তব্য দেন।
এ ছাড়া মানববন্ধনে দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার শাহিন রেজা, দৈনিক মানবকণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি আল আমিন হোসেন, দেশ টেলিভিশনের উল্লাপাড়া প্রতিনিধি মইনুল হোসাইন, দৈনিক নয়াদিগন্তের রায়গঞ্জ প্রতিনিধি হোসেন রানা, দৈনিক জনকণ্ঠের উল্লাপাড়া প্রতিনিধি লিখন আহমেদ, হাটিকুমরুল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।