মোঃ আব্দুর রহীম মিঞা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনা আইনের লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যক্তিকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলার যমুনা নদীতে এ অভিযান পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মো. এখলাস (৪৮), পিতা- তোতা শেখ, গ্রাম- বাগানবাড়ী, ভূঞাপুরকে ২ লাখ টাকা; সবুজ (৩০), পিতা- আব্দুল আজিজ, গ্রাম- পাইকপাড়া, সিরাজগঞ্জকে ১ লাখ টাকা; নায়েব আলী (৬০), পিতা- ফজলুল রহমান, সিরাজগঞ্জ সদরকে ১ লাখ টাকা; আকবর প্রামাণিক (৫০), পিতা- আনছের আলী, গ্রাম- পাটিতাপাড়া, ভূঞাপুরকে ৫০ হাজার টাকা এবং লতিফ (৫০), পিতা- নামদার, গ্রাম- বাগানবাড়ী, ভূঞাপুরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রশাসনকে সহোযোগিতা করে ভূঞাপুর থানা পুলিশ।
যানা যায় তারা সঙ্গবদ্ধ হয়ে রাতের বেলায় যমুনার বুকে বিভিন্ন সময় প্রশাসনের চক্ষুর আড়ালে এধরনের কাজ করে আসছিল। গভীর রাতেও বালু উত্তোলন করেও তাদের শেষ রক্ষা হলো না। অবশেষে ধরা পড়ে মোটা অঙ্কের জরিমানা গুনতে হলো।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”
তিনি আরও জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।