
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রায়গঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এমপি মহোদয়ের গাড়িতে হামলা—টানা ৩৮ ঘণ্টার অভিযানে ১ নম্বর আসামি তমাল সরকার গ্রেপ্তার।’
পুলিশ জানায়, গ্রেপ্তার অভিযানের সময় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ পুলিশের একাধিক দল উপস্থিত ছিল।
তমাল সরকার বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
তবে তমাল সরকারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থানায় আত্মসমর্পণের জন্য রওনা হয়েছিলেন। পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় ভিপি আয়নুল হক জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের দায়ী করেন। তবে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন