সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ পৌর শহরের এস বি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় ১ জন
পরীক্ষার্থী অংশ নিলেও ১ জনই ফেল করেছে।
শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।
স্থানীয়রা জানান, হাতেগোনা দু-একজন নিয়মিত শিক্ষার্থী নিয়ে কোনো রকমে চলছে ওই প্রতিষ্ঠান। কলেজের শিক্ষকরাও নিয়মিত আসেন না। ক্লাস ঠিকমতো হয় না। নির্ধারিত সময়ের আগেই ছুটি হয়ে যায়।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম।
তিনি জানান কলেজে শিক্ষক না থাকায় এবার একজন শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু তিনিও একটি বিষয়ে ফেল করেছেন।
কলেজটিতে পাঁচজন শিক্ষক থাকলেও তারা আসেন না জানিয়ে অধ্যক্ষ বলেন, বর্তমানে কলেজের উচ্চ মাধ্যমিকে ছয়জন এবং মাধ্যমিক স্তরে ১৭৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তবে, কলেজ শাখাটি শিক্ষক ও শিক্ষার্থী সংকটে একদম বন্ধের উপক্রম হচ্ছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অত্র প্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ফেল করার বিষয়টি জেনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।