মোঃ পারভেজ সরকার রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট। বিশেষ করে ওভারব্রিজের নিচে ও আশপাশের এলাকা দখল হয়ে যাওয়ায় সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট।
স্থানীয় সূত্রে জানা যায়, ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা নিয়মিত সড়কেই ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি পথচারীদের চলাচলেও ভোগান্তি বাড়ছে।
এদিকে একই এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কজুড়ে চার চাকার লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এসব যানবাহন মহাসড়কের ওপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোয় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দা রুবেল সরকার ও সুজন শেখ বলেন, সড়কের জায়গা দখল করে দোকানপাট ও যানবাহনের স্ট্যান্ড গড়ে ওঠায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। তাঁরা দ্রুত এসব অবৈধ দখল ও স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানান।
চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতী খাতুন বলে, রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকায় আমাদের স্কুলে আসা-যাওয়ার সময় অনেক সমস্যা হয়। যানজটের কারণে রাস্তা পার হতে ভয় লাগে।
ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী মনিরুজ্জামান বলেন, সড়ক দখল ও অবৈধ স্ট্যান্ডের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
নূরে মদিনা মডেল মাদ্রাসা অ্যান্ড স্কুলের পরিচালক মাও. মো. জাকারিয়া হোসেন জানান, কোমলমতি ছাত্রছাত্রীদের সড়কে চলাচলে যানজটের কারণে নানা সমস্যায় পড়তে হয়। এতে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ থাকে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে পরিবেশ আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের আহ্বায়ক দীপক কুমার কর বলেন, সড়ক ও সরকারি জায়গা দখল করে দোকানপাট গড়ে ওঠা এবং বর্জ্য সড়কে ফেলার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। দ্রুত উচ্ছেদ অভিযান ও নিয়মিত মনিটরিং না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ নিয়মিত কাজ করছে। ভুইয়াগাঁতী এলাকায় যানজট নিরসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে আইনগতভাবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি প্রয়োজন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, সড়কে যানবাহন দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো এবং অবৈধ স্ট্যান্ডের কারণে যান চলাচলে সমস্যা হলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিষয়টি নজরদারিতে রাখা হবে।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকায় সড়ক ব্যবস্থাপনা স্বাভাবিক হবে এবং জনদুর্ভোগ কমবে।#
মন্তব্য করুন