নিউজ ডেস্ক
টাঙ্গাইলের ভূঞাপুরে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে গ্রাহকদের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন দত্ত ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে মৃত্যুদাবীর চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে তারিকুল ইসলাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোকবীমা ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মো. নুর হোসেন। তিনি মৃত গ্রাহক আব্দুস সাত্তারের স্ত্রী ও মনোনীত উত্তরাধিকারী শাহিদা বেগমের হাতে ২ লাখ ১৯ হাজার ৮১২ টাকার মৃত্যুদাবীর চেক তুলে দেন। একই সঙ্গে আরও ১২ জন মৃত গ্রাহকের নমিনীদের মধ্যে মোট প্রায় ১৫ লাখ টাকার মৃত্যুদাবীর চেক বিতরণ করা হয়।
জানা যায়, ভূঞাপুর বাজারের পুরোনো ব্যবসায়ী ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক আব্দুস সাত্তার ১৬ হাজার টাকা করে ১০টি কিস্তি জমা দেওয়ার পর মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তার মনোনীত উত্তরাধিকারী শাহিদা বেগমের কাছে দ্রুততার সঙ্গে মৃত্যুদাবীর অর্থ পরিশোধ করে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির টাঙ্গাইল উত্তর জোনের ইনচার্জ সিরাজুল ইসলাম কিসলু, জোন ইনচার্জ মো. কামরুজ্জামান কোমল, এরিয়া ইনচার্জ তারিকুল ইসলাম তুহিনসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ।
এ সময় বক্তারা বীমার সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাহকদের আস্থা অটুট রাখতে সেবার মান আরও উন্নত করা এবং কোম্পানির উন্নয়ন কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে মৃত গ্রাহকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন