সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ (গোলচত্বর) এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৭ দফা বাস্তবায়নের দাবিতে লং মার্চ কর্মসূচি সফল করতে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, “এই আন্দোলন কোনো দলের একক আন্দোলন নয়, এটি ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন। ৭ দফা বাস্তবায়ন না হলে যে কোনো সময় এটি এক দফায় রূপ নিতে পারে।”
তিনি আরও বলেন, লং মার্চ কর্মসূচির মাধ্যমে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
পথসভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির শাহীনুর আলম। সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের ১১ দলীয় জোটের এমপি ও বিরোধীদলীয় চিফ হুইপ রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, রংপুর-২ আসনের জামায়াতের এমপি এটিএম আজহারুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারী, আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ভূইয়া ফুয়াদ এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির আলী মর্তুজা, সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশেদুল ইসলাম শহীদ, কামারখন্দ থানা জামায়াতে ইসলামীর আমির ও বালুকোল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. ইউসুফ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিরাজগঞ্জের ৯টি উপজেলা থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ট্রাক, মোটরসাইকেল ও পায়ে হেঁটে হাটিকুমরুলের পথসভাস্থলে উপস্থিত হন।
বক্তারা বলেন, লং মার্চ কর্মসূচির মধ্য দিয়ে দাবি আদায় না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, জনগণের সঙ্গে গাদ্দারি করে অতীতে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না।
পথসভা থেকে বক্তারা স্লোগান দেন— “গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।”
মন্তব্য করুন