
তীব্র রোদ উপেক্ষা করে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চের পথসভায় জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদেরও দেখা গেছে সেখানে। শনিবার সকাল থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জসংলগ্ন বগুড়া মহাসড়কের পাশে পথসভাস্থল ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চকে কেন্দ্র করে ভোর থেকেই হাটিকুমরুল এলাকায় মানুষের আনাগোনা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। দূর-দূরান্ত থেকে বিভিন্ন যানবাহনে এবং হেঁটে ছোট ছোট দলে মানুষ পথসভাস্থলে আসেন।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যেও অনেকে দীর্ঘ সময় ধরে পথসভাস্থলে অবস্থান করছেন। শিশু-কিশোর, তরুণ, নারী-পুরুষ, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের উপস্থিতিতে মহাসড়কের পাশের পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, লং মার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা। সেখানে পথসভা ও জোহরের নামাজের জন্য বিরতি দেওয়ার কথা রয়েছে। এ জন্য মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে মাইক ও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা হয়েছে।
বিপুল মানুষের সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষের চলাচল নিয়ন্ত্রণ, পানি সরবরাহ ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগত মানুষের সুবিধার্থে প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।
আয়োজকেরা জানান, পথসভাস্থলে শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ১ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। তাঁরা মানুষের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি পানি সরবরাহ ও বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন।
এদিকে জনসমাগমকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা-পুলিশের সমন্বয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে সদস্য মোতায়েন করা হয়েছে। পথসভাস্থল, মহাসড়কের বিভিন্ন অংশ ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মসূচিকে কেন্দ্র করে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। লং মার্চের গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন রাখা, পথসভাস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম বলেন, লং মার্চ উপলক্ষে তাঁদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পথসভায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে তাঁরা আশা করছেন। আগত মানুষের সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘লং মার্চকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাটিকুমরুলে মানুষের উপস্থিতি আরও বাড়ছে। এখন পর্যন্ত সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন