
নিউজ ডেস্কঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শাহিন শেখের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও শ্লীলতাহানির অভিযোগে করা একটি অভিযোগপত্র প্রত্যাহার করেছেন বলে দাবি করেছেন চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। একই সঙ্গে ওই অভিযোগের ভিত্তিতে শাহিন শেখের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ বরাবর দেওয়া এক লিখিত আবেদনে ওই ছাত্রী এ দাবি করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১৯ আগস্ট তাঁর নাম ও স্বাক্ষর ব্যবহার করে শাহিন শেখের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং ও শ্লীলতাহানির অভিযোগে একটি পত্র কলেজে জমা দেওয়া হয়।
তবে ওই অভিযোগপত্রের বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেন। তাঁর ভাষ্য, কলেজে ভর্তি-সংক্রান্ত কাজের কথা বলে তাঁর কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল। পরে সেই সাদা কাগজের অপব্যবহার করে কম্পিউটারে টাইপ করে তাঁর অজান্তে একটি অভিযোগপত্র তৈরি করে কলেজে দেওয়া হয়েছে।
আবেদনে ওই ছাত্রী আরও বলেন, শাহিন শেখ তাঁর পূর্বপরিচিত। তাঁর জানামতে, শাহিন কখনো তাঁর সঙ্গে অভিযোগপত্রে উল্লেখ করা ধরনের কোনো আচরণ করেননি। কারও সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাঁর স্বাক্ষর ব্যবহার করে ওই অভিযোগ তৈরি করা হয়ে থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ ঘটনায় তাঁর ও শাহিন শেখের সামাজিকভাবে মানহানি হয়েছে দাবি করে ছাত্রীটি বলেন, বিষয়টি তাঁর জন্য অত্যন্ত পীড়াদায়ক।
আবেদনে তিনি গত ১৯ আগস্টের অভিযোগপত্রটি বাতিল বা প্রত্যাহার হিসেবে গণ্য করার পাশাপাশি শাহিন শেখের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার জন্য কলেজ অধ্যক্ষের কাছে অনুরোধ করেন। একই সঙ্গে প্রকৃত ঘটনা জানতে তাঁকে সরাসরি ডেকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিস্তারিত তথ্য দিতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।
এ বিষয়ে চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, কলেজছাত্রীর অভিযোগ প্রত্যাহার, শাহিনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অনুরোধের একটি লিখিত পত্র পেয়েছি। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ গুরুত্বসহকারে দেখছে।
মন্তব্য করুন