এসটিভি নিউজ ডেস্কঃ
গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা তথ্য রিপোর্টার ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মফিজুল হক সোহেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লাকী আক্তার, বিউটি রহমান ও সাইদুর রহমান। এছাড়া সাংবাদিক গোলজার হোসেন, মো. শরিফ আহমেদ, মো. জয়নাল এবং এসটিভি সংবাদের চেয়ারম্যান এম এম জাকারিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদ খাঁন এবং সঞ্চালনা করেন আব্দুর রশিদ।
অনুষ্ঠানের একপর্যায়ে ফিতা কেটে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নতুন অফিসের উদ্বোধন করেন প্রধান বক্তা মফিজুল হক সোহেল।
এ সময় কালিয়াকৈর ও ধামরাইয়ের দুটি কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় মানবাধিকার সুরক্ষা, আইনগত সহায়তা প্রদান, জনসচেতনতা বৃদ্ধি এবং অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনগত সহায়তা ও মানবাধিকার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।