রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।
বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. সামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মো. মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম, রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. রশিদ আল মামুন খান, উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ অনেকে।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে মৎস্যচাষে অবদান রাখা ব্যক্তি ও সংশ্লিষ্টদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয় সংরক্ষণ ও প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্র রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন