রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ভিপি আয়নুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ভিপি আয়নুল হক। সহকারী শিক্ষক নূরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি এ জেড এম ওবায়দুল্লাহ খান প্যারিস।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সালেহ মোহাম্মদ ফারুক খান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি খায়রুল ভূইয়া (মাস্টার), সাবেক সহ-সভাপতি শামসুল হক খান, জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খানসহ অনেকে।
এ সময় শত শত শিক্ষার্থীর ফুলেল ভালোবাসায় সিক্ত হন এমপি ভিপি আয়নুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী অর্থবছরে অগ্রাধিকার ভিত্তিতে সুবর্ণগাঁতী উচ্চ বিদ্যালয়ে নতুন একটি ভবন বরাদ্দ দেওয়া হবে।
অনুষ্ঠানে গোল্ডেন এ প্লাস (A+) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
মন্তব্য করুন